Header Ads


ফিফার ‘বিশেষ তহবিল’ থেকে ৪ কোটি ২৫ লাখ টাকা পাচ্ছে বাফুফে



করোনা ভাইরাসের প্রভাবে কম বেশি সব দেশের ফুটবল ফেডারশনই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। সদস্য দেশগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফিফা। ২১১ সদস্য দেশের জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যা বাংলাদেশী মুদ্রায় ১ হাজার ২৭৪ কোটি টাকার সমান। প্রত্যেকটি দেশ পাবে কমপক্ষে ৫ লাখ মার্কিন ডলার (৪ কোটি ২৫ লাখ টাকা) করে। এই অনুদান সঠিকভাবে ব্যবহার নিশ্চিতে কড়া নজরদারি করবে ফিফা। এছাড়া ফিফা তার সদস্য দেশগুলোকে বার্ষিক যে অনুদান দিয়ে থাকে সেটা অব্যাহত থাকবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর্থিক সঙ্কটের কথা না বললেও করোনার প্রভাব কিছুটা হলেও পড়েছে বাফুফের কোষাগারে। দীর্ঘসময় ফুটবল বন্ধ থাকলে আর্থিক ক্ষতির পরিমাণ আরো বাড়বে এটা অনুমেয়।
সঙ্কটময় সময়ে ফিফার এই অনুদান অন্য সদস্যদের মতো বাফুফেকেও স্বস্তি এনে দেবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘করোনা মহামারি ফুটবল বিশ্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এই সঙ্কট মোকাবেলায় ফিফা তার সদস্যদের পাশে দাঁড়ানোকে দায়িত্ব মনে করে। যেসব দেশ বেশি আর্থিক সঙ্কটে পড়েছে তাদের দিয়ে শুরু হবে এই অনুদান কার্যক্রম।’

করোনার কারণে ক্ষতিগ্রস্ত সদস্য দেশগুলোকে আর্থিক সহায়তা দেয়ার এটি প্রথম ধাপ বলে জানিয়েছে ফিফা। পরবর্তী ধাপের করণীয় ইতোমধ্যে ঠিক করেছে তারা। আগামী সপ্তাহে বিস্তারিত জানাবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
মানবজমিন

No comments

Powered by Blogger.