Header Ads


বক্স খাট নয়, যেন তেলের খনি!

রংপুরে নগরের পার্বতীপুরে বক্স খাটের ভেতর থেকে উদ্ধার করা টিসিবির সয়াবিন তেলের বোতল
রংপুর নগরের পার্বতীপুরে এক ব্যবসায়ীর বাড়ির খাটের ভেতর লুকিয়ে রাখা টিসিবির ১ হাজার ২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। দেখে মনে হচ্ছে, এ যেন বক্স খাট নয়, তেলের খনি। এ সময় হানিফ মিয়া ও লাল মিয়া নামের দুজনকে আটক করা হয়েছে।


গতকাল বুধবার রাতে পার্বতীপুর এলাকার হানিফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এসব ভোজ্যতেল উদ্ধার করেছেন রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)।

রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক ভোজ্যতেল উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের ১৭ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ওই বাড়ির বক্স খাটের ভেতরে রাখা টিসিবির সিল মারা ৫ লিটারের ১৪৪টি ও ২ লিটার তেলের ২৫৯টি বোতল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সয়াবিন তেলের আনুমানিক মূল্য ৯৯ হাজার ৪০ টাকা।

এ সময় ওই বাড়ির মালিক হানিফ মিয়া (৫৮) ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে (৫২) আটক করে পুলিশ। এসব ভোজ্যতেল তারা অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে টিসিবির ডিলারদের কাছ থেকে কম দামে কিনে মজুত করে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উত্তম প্রসাদ পাঠক।

পুলিশ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার টিসিবির ন্যায্যমূল্যে পণ্য ডিলারদের মাধ্যমে বিক্রি করছে। কিন্তু রংপুর নগরের কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে তা মজুত করে রাখছেন। তাদের বিরুদ্ধে রংপুর মহানগর পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।

No comments

Powered by Blogger.