Header Ads


ছেলের মাথায় ডিম ভাঙলেন নেইমার

টয়লেট রোল চ্যালেঞ্জ, হাত ধোয়া চ্যালেঞ্জ, যেমন খুশি তেমন সাজো, মাথা ন্যাড়া করা–করোনাভাইরাসের 'কল্যাণে' পাওয়া এই হোম কোয়ারেন্টিনের কারণে ক্রীড়া তারকাদের অন্য রূপটাও দেখছে বিশ্ব। কেউ কেউ তো আবার 'প্র্যাঙ্ক' করে ভক্ত-সমর্থকদের নিখাদ বিনোদনও দিচ্ছেন। সেই তালিকাতেই নাম লেখালেন ব্রাজিল তারকা নেইমার।

সারাজীবন ডিফেন্ডারদের বোকা বানিয়ে অভ্যস্ত নেইমার ঘরবন্দি অবস্থায় এবার বোকা বানানোর জন্য পেয়েছেন খোদ নিজের ছেলেকে। কিন্তু কী করেছেন পিএসজির এই উইঙ্গার?

ইনস্টাগ্রামের পোস্টে দেখা গেছে, নিজেদের বাগানে ছেলেকে নিয়ে খেলছেন নেইমার। বল হেড করতে ছেলে কতটুকু দক্ষ হলো সেটা দেখতে বসে থাকা ছেলের মাথার দিকে লক্ষ্য করে একের পর এক পিংপং বল ছুঁড়ে যাচ্ছিলেন ব্রাজিল তারকা। ছেলেও পিংপং বলগুলো হেড করে পাশে থাকা একটা ঝুড়িতে ফেলার চেষ্টা করছিল। কয়েকবার সফল হচ্ছিল, বাকী সময়ে ব্যর্থ।

পিংপং বল হেড করার দিকে ছেলের যখন পূর্ণ মনোযোগ, নেইমার তখন হুট করে বলের জায়গায় একটা আস্ত ডিম ছুঁড়ে মারলেন। বাচ্চা ছেলে সেটা বুঝেও উঠতে পারেনি। আর দশটা বলের মতো এটাতেও সর্বশক্তি দিয়ে হেড করেছিল। ফল যা হওয়ার তাই হল, মাথায় ডিম ভেঙে চৌচির!

ওদিকে নেইমার নিজে হেসে খুন! নেইমারের এই 'প্র্যাঙ্ক' দেখে মজা পেয়ে ইনস্টাগ্রামের পোস্টে রিপ্লাই দিয়েছেন আলেক্সান্দার পাতো, রহিম স্টার্লিংয়ের মতো তারকারা। কিছুদিন আগে একই ধরণের মজা করেছেন লেস্টার সিটির ইংলিশ ডিফেন্ডার বেন চিলওয়েল, নিজের মায়ের সঙ্গে।

করোনাভাইরাসের কারণে এর মধ্যেই লিগ ওয়ান বাতিল করা হয়েছে। লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে পিএসজিকে। তাই আগামী মৌসুমের আগ পর্যন্ত নেইমারদের মাঠে দেখার সুযোগ নেই। যতদিন না পর্যন্ত নেইমারদের মাঠে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামের এমন ভিডিওই ভরসা!









No comments

Powered by Blogger.